উল্লাপাড়ায় দলিল লেখকদের কলম বিরতি

 
আটদিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসে চলছে দলিল লেখকদের কলম বিরতি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
 
গত ১১ এপ্রিল সকালে জাহাঙ্গীর তালকুদার নামে এক জ্যেষ্ঠ দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উল্লাপাড়া দলিল লেখক সমিতি অনির্দিষ্টকালের জন্য এই কলম বিরতি পালনের ঘোষণা দেন। সন্ত্রাসী হামলায় জাহাঙ্গীর গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এদিকে জমি নিবন্ধন কাজ বন্ধ থাকায় সাধারণ জনগণ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জমি কেনা বেচার জন্য আসা লোকজন সীমাহীন কষ্ট ভোগ করছেন। অপরদিকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের কাজ বন্ধ থাকায় গত কয়েকদিনে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
 
উল্লাপাড়ার সাব রেজিস্টার দেলোয়ার হোসেন খন্দকার জানান, সপ্তাহে এই অফিসে গড়ে দুইশ' ৪০ থেকে দুইশ' ৫০টি দলিল সম্পাদন হয় এবং এসব দলিল থেকে সরকারের উৎস কর, স্থানীয় কর, স্ট্যাম্প সহ আনুষঙ্গিক রাজস্ব আয় প্রায় ৬০ লাখ টাকা। জমি নিবন্ধন বন্ধ থাকায় লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান