বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো বলে জানিয়েছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। মঙ্গলবার (২ এপ্রিল) বিএসএমএমইউতে সাংবাদিকদের ডা. এ কে মাহবুবুল হক এ কথা বলেন।
দুপুরে সাংবাদিকদের চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার ব্রিফিংয়ের সময় তিনি দাবি করে বলেন, 'চিকিৎসাসেবা নিয়ে খালেদা জিয়া সন্তুষ্ট। তাকে চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো'।
কারাবন্দি থাকার কারণে খালেদা জিয়ার অসুস্থতা বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এক কথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে'।
আরও পড়ুন: ডাকসুর সেই প্রার্থীকে রড দিয়ে পেটালো ‘ছাত্রলীগ’
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়। খালেদা জিয়ার হাসপাতালে আনার খবরে হাসপাতালে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৬ তলায় ৬২১ ও ৬২২ নং কক্ষে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার আগেই খালেদা জিয়ার ব্যবহৃত মালামাল একটি কারাভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/ জেডএইচডি