বগুড়ায় ট্রাক কেড়ে নিলো পুলিশের প্রাণ

 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় শাহ আলম (৪০) নামে এক পুলিশ সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুরনো পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহ আলম মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের গাড়ী চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার চকগুলাকি এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
 
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর মহাসড়কে দায়িত্ব পালন শেষে শাহ আলম গাড়ীটি পুরনো তদন্তকেন্দ্রের সামনে রেখে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তবে এঘটনায় কাউকে এখনও আটক করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
 
ইত্তেফাক/জামান