সম্রাট হোটেলে তেজগাঁও কলেজের শিক্ষার্থীসহ দুইজনের লাশ

রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মরদেহ ২টি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

হোটেল বয় সোহেল জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হোটেলের ৭ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো খাটের ওপরে পাশাপাশি পড়েছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট হোটেলের বয়সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত দুইজনের মধ্যে একজনের নাম আমিনুল ইসলাম সজল। নিহত সজল তেজগাঁও কলেজের শিক্ষার্থী। অপরজনের নাম মরিয়ম আক্তার জেরিন। সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। দু'জন পরস্পরকে ভালবাসতো বলে ইঙ্গিত পেয়েছে পুলিশ। 

তেজগাঁও থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রা অতিরিক্ত ড্রাগ সেবনে দু’জনের মৃত্যু ঘটতে পারে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।

আরও পড়ুন: শিক্ষার্থী পায়েল হত্যায় তিন আসামির বিচার শুরু

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের চিকিৎসক বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যেতে পারে।

ইত্তেফাক/এমআ