ভারতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সরকারের সকল মন্ত্রীদের সম্পদের বিবরণী প্রতি বছর মার্চের ৩১ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বলেছেন। মঙ্গলবার তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে মন্ত্রীদের জানিয়ে আসছেন তারা যেন তাদের কাজের ধরণ পাল্টানোর চেষ্টা করেন। বিশেষ করে কারো অনৈতিক কাজের সঙ্গে কোন সম্পৃক্ততা থাকলে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনেকটা শক্তভাবেই তিনি এ কথা বলেন।
সরকারি এক কর্মকর্তা বলেন, সম্পদের বিবরণী নির্দিষ্ট সময়ে দাখিলের ব্যাপারে কারো কোন শিথিলতা পাওয়া গেলে তা বরদাশত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মাসে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তিনি ক্যাবিনেট মন্ত্রীদের বলেন, তারা যেন তাদের সম্পদের বিবরণী ১৫ দিনের মধ্যে দাখিল করেন।
তারই ধারাবাহিকতায় তিনি ৩১ মার্চ পর্যন্ত সম্পদের বিবরণী দাখিলের জন্য বলেন। তিনি বলেন, এ বিষয়টি যেন প্রতিবছরই যথানিয়মে মানা হয় সে ব্যাপারে সকলকে সচেষ্ট হতে হবে। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মন্ত্রীরা যেন কন্ট্রাক্টর এবং ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে দূরে থাকে। সেই সাথে বলা হয়, যদি কাউকে কারো কাছ থেকে কোন উপহার সামগ্রী গ্রহণ করতে হয় তাহলে তার অর্থ ৫ হাজার রুপির বেশি হতে পারবে না। এছাড়াও তাদেরকে বিলাসবহুল বাড়িতে না থাকার কথাও বলা হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির