ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই: মুস্তাফিজ

বাংলাদেশের উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান-বন্ধু মহলে যিনি ফিজ নামেই পরিচিত। সাফল্যের আত্নগরিমা যার মাথায় চড়ে না সেই তিনি ক্যারিয়ার শেষেও ‘একজন ভালো মানুষ’ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান বলে জানিয়েছেন।
 
২১-বছর বয়সী লাজুক এই গতি তারকা ২০১৫ সালের বাংলাদেশে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সিরিজে প্রথম লাইমলাইটে আসেন। ওই সিরিজে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ওডিআইতে অভিষেকের প্রথম দুই ম্যাচেই পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেছেন।
 
১৯ বছর বয়সী মুস্তাফিজের বোলিং বিশেষ করে কাটারে তছনছ হয়ে যায় ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। যেখানে ছিলেন বিরাট কোহলি, এম এস ধোনি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানের মত মারকাটারি ব্যাটসম্যানরা। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েরই বাংলাদেশ ভারতের বিপক্ষে তিনম্যাচের সিরিজটি জয় করে নেয়।
 
‘সাফল্যের গরিমা কখনোই মাথায় উঠতে দেই না আমি। আপনার সবাই আমার থেকে দুর্দান্ত সব পারফরমেন্স চান, বিশেষ ট্যালেন্ট বলে স্বীকৃতি দেন কিন্ত আমি কখনো এসব নিয়ে ভাবি না।’, বলেন মুস্তাফিজ। তিনি এখন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল এর ম্যাচ খেলতে ভারতে অবস্থান করছেন। সেখানেই ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন কাটার মাস্টার মুস্তাফিজ।
 
‘যদি আমি কখনো গ্রেট ক্রিকেটার না হয়ে উঠতে পারি, আমি কমপক্ষে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে যাব’ বলে যান খুলনায় জন্ম নেয়া ২১ বছর বয়সী এই পেসার।
 
গতবছরের টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২২ রান দিয়ে ৫ উইকেট দখল করে নিজের বোলিং ক্যারিশমা বিশ্ববাসীকে দেখিয়েছিলেন।
 
অফ-কাটার বিশেষজ্ঞ বলেন, টি-২০ ফরম্যাটে টিকে থাকতে হলে বোলিংয়ে আপনাকে নানা ধরনের বৈচিত্র্য আনতে হবে। প্রত্যেক বোলারেরই স্টক ডেলিভারি থাকে। কিন্তু সাফল্য পেতে হলে আপনাকে ডেলিভারির মধ্যে বৈচিত্র্য তৈরি করে নিতে হবে।
 
মুস্তাফিজ সম্প্রতি ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘদিনের বিরতি শেষে আবার মাঠে ফিরে এসেছেন। মাঠে ফিরে নিউজিল্যান্ড ও ভারত সিরিজে প্রত্যাশামত পারফর্ম করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে স্বরূপে ফিরে আসার ঝলক দেখা গেছে।
 
মুস্তাফিজ বলেন, ‘আমার ওডিআই বোলিং নিয়ে আমি খুশি। যেটি এখনো ঠিকমত হচ্ছে না সেটি হল ঠিক জায়গামত বল ফেলতে পারছি না। লেন্থও একটি সমস্যা হয়ে আছে। শেষ ওডিআই ম্যাচে আমি ছন্দে ফিরে এসেছি, টি-২০ ফরম্যাটেও বোলিং মোটামুটি ঠিক আছে।’ 
 
মুস্তাফিজ গতবছর হায়দারাবাদের হয়ে আইপিএল খেলে এবারো একই দলে আছেন।
 
ওঠার আগে শুধু এতটুকুই বলেন, আমার মনে কখনো লক্ষ্য থাকেনা। আমি সবসময় চেষ্টা করি আমার সেরাটুকু দিতে যাতে দিন শেষে আমার দল জয়লাভ করতে পারে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/ রেজা