মডেল রাউধার লাশের পুনঃ ময়না তদন্তের আদেশ

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের লাশ কবর থেকে উত্তোলন করে পুনঃময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে লাশ উত্তোলনের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। আদালতের পরিদর্শক আবুল হাশেম বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ দেয়া হয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে বলা হয়েছে বলেও জানান তিনি।

আদালত পরিদর্শক বলেন, গত সোমবার রাউধা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী সিআইডির পরিদর্শক আসমাউল হক রাউধার লাশ উত্তোলন করে পুন:ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

গত ২৯ মার্চ রাজশাহী আইবিএমসি হোস্টেলের কক্ষ থেকে রাউধা আথিফের লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা ওই কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইত্তেফাক/নূহু