তিন দিনব্যাপী ট্যুরিজম মেলা শুরু কাল

আগামীকাল ২০ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ট্যুরিজম মেলা। বাংলাদেশে ভ্রমণের বিষয়টি দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে শুরু হচ্ছে এ মেলা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি ১৪০টি স্টল থাকবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০১৭ নামে এই মেলা চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

মেলায় প্রবেশে দর্শনার্থীদের ৩০ টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় সেমিনার, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ঢাকায় সপ্তমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মোঃ তসলিম আমিন (শোভন) লিখিত বক্তব্যে বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

তিনদিনের এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ নাসির উদ্দিন, বিটিটিএফের এ বছরের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পিআর শাকিল মিরাজ, প্রিমিয়াম স্পন্সর আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও হেড অব বিজনেস শাহ এমডি মইনউদ্দিন, স্পন্সর মাস্টারকার্ডের সহ-সভাপতি গিতানক ডি দত্ত, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু