৬ লাখ ৫০ হাজার পাউন্ডের বিনিময়ে জামিন বিজয় মালিয়ার

 
ভারতের ঋণ খেলাপি ধনকুবের বিজয় মালিয়াকে লন্ডনে গ্রেফতারের পর ৬ লাখ ৫০ হাজার পাউন্ডের বিনিময়ে জামিন প্রদান করেছে শহরটির আদালত। জালিয়াতির অভিযোগে তাকে আটক করেছিল লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতের করা জালিয়াতির অভিযোগ আমলে নিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
অধুনালুপ্ত কিংফিশার এয়ারলাইন্সে অর্থ জালিয়াতির জন্য বিজয় মালিয়াকে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল ভারত। গত বছরের মার্চে ৯ হাজার কোটি রূপি দেনা রেখে ভারত থেকে পালিয়ে যান বিজয় মালিয়া। সম্প্রতি ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির যুক্তরাজ্য সফরে বলেছিলেন, ভারতের এক ফেরারি আসামি লন্ডনে অবস্থান করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিনি বিজয় মালিয়ার প্রত্যর্পণের দাবি জানান বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
 
এর আগে ভারত বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করে যুক্তরাজ্যর প্রতি আহ্বান জানায় তাকে ফেরত পাঠাতে। কিন্তু যুক্তরাজ্য সরকার থেকে বলা হয়, বিজয় আইনত যুক্তরাজ্যে থাকতে পারবেন কারণ তার সেখানে থাকার ভিসা রয়েছে।
 
বিজয় মালিয়ার বিরুদ্ধে ১ হাজার পৃষ্ঠার অভিযোগ পত্র দাখিল করেছে ভারতের ক্রাইম ব্যুরো অব ইনভেস্টিগেশন। কিংফিশার এয়ারলাইন্সের কাছেই ৯ হাজার কোটি রূপি। চলতি বছরের জানুয়ারিতে মালিয়ার বিরুদ্ধে ৭২০ কোটি রূপি ঋণ খেলাপির অজামিনযোগ্য অভিযোগ দায়ের করা হয়।
 
মালিয়াকে ভারতে ফেরত আনার চেষ্টার মধ্যেই তাকে যুক্তরাজ্যের ফর্মুলা ওয়ান রেসে তার দল সাহারা ফোর্স ইন্ডিয়ার ইভেন্টে দেখা গেছে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ