আলাপ আড্ডায় থাকছেন অণিমা রায়

 
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাপের এবারের পর্বের অতিথি প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী অণিমা রায়। কথা বলবেন তার বর্তমান কাজ নিয়ে। দর্শকরাও ফোন কলে অতিথির সাথে কথা বলতে পারবেন।
 
উপস্থাপনা পারিহা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
উল্লেখ্য, সঙ্গীত চর্চার পাশাপাশি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন অণিমা। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। অণিমা রায়ের গানে হাতেখড়ি শিল্পী দেবাশীষ চক্রবর্তীর কাছে। পরে শিল্পী সাধন চন্দ্র বর্মণের কাছে উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতেও তালিম নেন।
 
২০০৮ সালে কলকাতার রাগা মিউজিক থেকে ‘অচেনা পরদেশী’ নামে প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম বের হয়। একই বছর বাংলাদেশের ফাহিম মিউজিক থেকে ‘প্রতীক্ষা’ এবং কলকাতার বাচিক শিল্পী রত্মা মিত্রের সাথে বের হয় ডুয়েট অ্যালবাম।
 
২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় যথাক্রমে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’, ‘ইচ্ছামতি’ ও ‘তোমার বিরহে’ অ্যালবাম। ২০১৪ সালে ইমপ্রেস অডিও বের করে তাঁর একক অ্যালবাম ‘রবির আলো’।
 
ইত্তেফাক/আনিসুর