বিশ্বনাথে উপজেলা সদরে আজ বুধবার দুপুর দুইটায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা একই সময়ে পাল্টা-পাল্টি মিছিল আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করা হয়।
জানা গেছে, তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে আওয়ামী লীগের দুই পক্ষ বুধবার একই সময়ে উপজেলা সদরের পাল্টা-পাল্টি মিছিলের ডাক দেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতাদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুর ২টায় উপজেলা সদরে মিছিলের ডাক দেয় বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা।
অপরদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী অনুসারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতাদের ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়। এতে উপজেলা সদরের উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাতে উভয় পক্ষের নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
১৪৪ ধারা জারির সত্যতা স্বীকার করে ইউএনও অমিতাভ পরাগ তালুকদার বলেন, ‘উপজেলা সদরের পুরানবাজার ও নতুনবাজারের আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।’
ইত্তেফাক/কাউছার