কাহালুতে ভ্যানচালককে গলায় ফাঁস দিয়ে হত্যা

 
বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত একটি বাগানের মধ্যে থেকে সিদ্দিকুর রহমান (৪২) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
 

জানা গেছে, দুর্বৃত্তরা সিদ্দিকুরের ব্যাটারি চালিত ভ্যানটি ছিনতাই করার জন্য তার পড়নের লুঙ্গি ও গায়ের জামা ছিড়ে হাত পা বেধে গলায় লুঙ্গির ফাঁস দিয়ে অন্য কোথাও হত্যা করার পর তারই ভ্যানে তার লাশ নিয়ে এসে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার কাহালু’র দরগাহাট বাসষ্টান্ডের সামান্য দক্ষিণ পাশে বাগানের মধ্যে ফেলে দেয়। এ সময় দরগাহাট বাজারের নৈশ প্রহরী দূর থেকে ওই বাগানের কাছে একটি ভ্যানসহ ২/৩ জন অপরিচিত লোককে দেখতে পান এবং তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় নৈশ প্রহরী আরোও ৪/৫ জনকে সাথে নিয়ে বাগানের নিকট যেতেই দুবৃত্তরা ওই ভ্যান নিয়ে দ্রুত গতিতে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন বাগানের মধ্যে সিদ্দিকুরের হাত পা বাধা মৃতদেহ দেখতে পেয়ে কাহালু থানার পুলিশকে জানানো হলে কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী ফোর্স সহ ঘটনা স্থালে এসে তার লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায়।