ভালোবাসার পরিণয়ে ব্যর্থ হয়ে নওগাঁর মান্দায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চকরাজাপুর গ্রামের গোদাবিলা নামক বিলের মাঝখানে একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রাব্বানী (২২) ও মৃত মকবুল সরদারের মেয়ে তসলিমা আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানী উপজেলার সাতবাড়িয়া টেকনিকেল বিএম কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তসলিমা আক্তার এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে এসএসসি পরীক্ষার ফল প্রার্থী। তারা দুইজনে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। আর প্রেমের সম্পর্ক নিয়ে দুইজনেই বিয়ে করতে সম্মত হন। বিষয়টি ছেলের পরিবারকে জানানো হয়। কিন্তু মেয়ের আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় প্রেমিক গোলাম রাব্বানীর পরিবার বিয়েতে অসম্মত হন। এ নিয়ে দুইজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
আরও জানা যায়, মঙ্গলবার তসলিমা তার মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এসময় বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির পাশে গোদাবিলা নামক বিলের মাঝখানে একটি আম গাছের ডালে রশির দুই মাথায় গোলাম রাব্বানী ও তসলিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বুধবার ভোরে তাসলিমার মা খোদেজা বেগম মেয়েকে খোঁজাখুজি করেন। বাড়ির বাহিরে গিয়ে দেখেন বিলের মাঝে আম গাছে দুইজন ঝুঁলে আছেন।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার থেকে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার কথা হচ্ছিল। ক্ষোভের বসে তারা আত্মহত্যা করেছেন। সকালের স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কাউছার