খুলনায় স্ত্রীকে হত্যায় কথিত স্বামীর যাবজ্জীবন

 
খুলনার আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যার অভিযোগে আদালত কথিত স্বামী মাসুদুর রহমান খানকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে।
 
বুধবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ অরুপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদুর রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭জুলাই সুমন ও রিনা বেগম নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে খুলনার একটি হোটেল ভাড়া নেয়।
দু'দন পর ৯ জুলাই রাত ৯টায় পুলিশ ওই কক্ষ থেকে রিনা বেগমের লাশ উদ্ধার করে। তার মাথায় আঘাত ও ওড়না পেঁচিয়ে হত্যার চিহ্ন ছিল। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানার এস আই মোক্তার হোসেন পরের দিন ১০ জুলাই হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ওই বছরের ১৬ অক্টোবর মোবাইল ট্র্যাকিঙয়ের মাধ্যমে পুলিশ হত্যাকারী মাসুদুর রহমানকে ঝালকাঠি জেলা থেকে গ্রেফতার করে।
 
মাসুদুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে কথিত স্ত্রী রিনা বেগমকে হত্যার দায় স্বীকার করে জানায় সুমন তার আসল নাম নয়। রিনা বেগম তার স্ত্রী ছিলেন না। শত্রুতার কারণে সে এ হত্যাকাণ্ড ঘটায়। মাসুদুর রহমান ঝালকাটি জেলার নলছিটি উপজেলার প্রেমহার গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
 
ইত্তেফাক/জামান