মডেল রাউধার লাশ বৃহস্পতিবার তোলা হবে

 
পুনরায় ময়নাতদন্তের জন্য রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের লাশ বৃহস্পতিবার কবর থেকে তোলা হবে।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ তোলার সময় তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল। বুধবার দুপুরেই রক্তিম চৌধুরী এ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে লাশ তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।
 
রক্তিম চৌধুরী জানান, লাশ তোলার সময় মামলার তদন্ত কর্মকর্তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনিই লাশ তোলার সব আয়োজন করছেন। তবে রাউধার লাশের কোথায় ময়নাতদন্ত করা হবে তা জানাতে পারেননি তিনি।
 
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে রাউধা আথিফের লাশ পাওয়া যায়। এরপর ৩১ মার্চ তার পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত শেষে নগরীর হেতেখাঁ কবরস্থানে দাফন করা হয়। এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন রাউধা। বিদেশি কোটায় ভর্তির পর গত বছরের ১৪ জানুয়ারি মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ওই কক্ষে উঠেছিলেন মালদ্বীপের এই মডেল কন্যা।
 
ইত্তেফাক/জামান