রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

 
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে বুধবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. শারফিন (১৮) নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
 
এই ঘটনায় ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ হয়েছে ২০-২৫টি বাড়িতে। আহতদের মধ্যে কাউছার (৩০), নূর মোহাম্মদ (২২), রহিম বাদশা (২২), নাহিদ (২৬), ইসমাইল (৩০) ও মাসুদ (২৯) নামে ছয়জনকে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
 
দুই পক্ষের গোলাগুলি ও টেটাযুদ্ধের কারণে পুলিশ পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারেনি। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রায়পুরা উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে করছে।
 
রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ পর্যন্ত একজন নিহত ও ৩০জন আহত হবার খবর পাওয়া গেছে।