‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মধ্যেই মঙ্গল নিহিত’

বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও নীতিসমূহ সমাজজীবনে প্রকৃতভাবে প্রতিষ্ঠার মধ্যেই দেশের মঙ্গল নিহিত রয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বাঙালি জাতিসত্ত্বা ও বাংলা বর্ষবরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। 
 
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাদেকুল আরেফিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া প্রমুখ।
 
ড. আরেফিন বলেন, সারা বিশ্বে মৌলবাদী উগ্র ধর্মান্ধ গোষ্ঠি মানুষের মধ্যে বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে সমস্যার সৃষ্টি করছে। 
 
তিনি বলেন, জোর করে বা ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে ধর্মীয় ফ্রেমে আটকে রাখা যায় না। তিনি আরও বলেন, বাংলার বর্ষবরণ হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভা যাত্রাকে ইউনেসকো আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের গৌরবের ও আনন্দের বিষয়। বাসস।