তরুণ উদ্যোক্তাদের নিয়ে ইয়েলো ও শান্ত-মারিয়াম ফ্যাশন ফেস্ট

যুগপত্ সৃজনশীল শিক্ষা, বিশেষ করে ফ্যাশন ডিজাইন তথা সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ও দ্রুত উন্নয়নশীল গার্মেন্ট পণ্য বাজারজাত প্রতিষ্ঠান ইয়েলোর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘ইয়েলো ও শান্ত-মারিয়াম ফ্যাশন ফেস্ট-২০১৯’। গত ৩০ মার্চ মধ্যাহ্নে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্রিয়েটিভ হাবে এটি অনুষ্ঠিত হয়। ফ্যাশন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের হাতে-কলমের শিক্ষায় উজ্জীবিত করার এ অনুষ্ঠানটি ছিল যথাক্রমে মৌসুমী বস্ত্র মেলা, সেমিনার ও ফ্যাশন শো—এই তিন পর্বে বিভক্ত। প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় বস্ত্রসহ বিভিন্ন পণ্যের যুগোপযোগী আধুনিক নকশার উদ্ভ্ভাবন তথা প্রস্তুত প্রণালিসহ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারের সাথে সুসমন্বয়ের মাধ্যমে বাজারজাত বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটি পরিচালিত হয় আরএমজি সেক্টরের প্রথিতযশা ৩ এক্সপার্ট যথাক্রমে ভিনেত রঘুভানসি, প্রধান নকশাকার ইয়েলো, বেক্সিমকো ও বার্সেলোনা ডিজাইন স্টুডিওর ডিজাইনার অ্যানড্রু মোলিনস্ এবং জুলিয়ানা গোমেজের চমত্কার আলোচনা তথা পর্যালোচনায়। দ্বিতীয় পর্বে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষানবিশ ফ্যাশন ডিজাইনারের সৃজনশীল বস্ত্র নকশা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বস্ত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন যৌথভাবে ইয়েলোর প্রধান নির্বাহী শাহরিয়ার বার্নি ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর সহ ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, ফ্যাশন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের চূড়ান্ত তথা শেষ পর্ব-আকর্ষণীয় ফ্যাশন শো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পর্বে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর ও ইয়েলোর প্রধান নির্বাহী শাহরিয়ার বার্নি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে চমত্কার মৌসুমি পোশাকে র্যাম্প কিউতে দারুণ উপস্থাপনাসহ বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইয়েলোর জিএম অ্যান্ড হেড অব রিটেইল হাদি চৌধুরী ও ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট-এর ডিজিএম সাইফ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।