ফরিদপুরের সদর উপজেলার খুশির বাজার এলাকার পদ্মা নদীর পাড় থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ওই চালকের নাম মামুন শেখ।
মামুনের বাড়ি জেলার সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ইব্রাহিমের ডাঙ্গী গ্রামে। তার বাবার নাম বাবুল শেখ।
কোতয়ালী থানার এসআই অসিম কুমার জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মামুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে মামুন আর বাড়ি ফিরেননি। শনিবার দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার পদ্মা নদীর পাড়ে গলায় গামছা পেঁচানো অবস্থা মামুনের লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
ইত্তেফাক/কাউছার