‘সংবিধান অমান্যকারীদের রাজনীতির অধিকার থাকতে পারে না’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানেন না তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
 
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘সংবিধান ছাড়া দেশ চলতে পারেনা। অসংবিধানিক পথে কেন ক্ষমতায় আসতে চান? যারা সংবিধান মানেন না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা এদেশের নাগরিক নয়।’
 
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি অস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়। 
 
দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ এগো-প্রসের্স এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুণ ভূঁইয়া, সংগঠনের মহাসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বাসস।