গোপালগঞ্জে যুবককে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সুজিত কুমার বিশ্বাস নামে পুলিশের এক কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে। উপজেলার বরাশুর গ্রামের যুবক উজ্জ্বল শরীফ বলেন, 'নড়াইল জেলার লোহাগড়া উপজেলা সদরে আমার মামাবাড়ি। মামা মোস্তফা কামাল অসুস্থ হলে চিকিৎসার জন্য দু'মাস আগে আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। আমি লোহাগড়া গিয়ে শুক্রবার সকালে মামীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। কালনা ফেরিঘাট পার হয়ে গোপালগঞ্জের পাড়ে আসলেই পুলিশ পরিচয় দিয়ে সিভিল ড্রেসে কাশিয়ানী থানার কনস্টেবল আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে টানাহেঁচড়া করতে থাকে। এক পর্যায়ে আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের অনুরোধে আমাকে ছেড়ে দেয়।'
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন বলেন, হ্যান্ডকাফ পরিয়ে যুবককে হয়রানীর ঘটনায় কনস্টেবল সুজিৎ কুমার বিশ্বাসকে গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে উজ্জ্বলের আনিত অভিযোগেরও তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/জামান