সলঙ্গায় ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাক খাদে, চালক নিহত

 
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ব্রিজের রেলিং ভেঙ্গে একটি ট্রাক খাদে পড়ে চালক তোফাজ্জল হোসেন (৪৫) মারা যান। এই ঘটনায় হেলপার মজনু মিয়া (২৫) আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
আহত হেলপারকে উল্লাপাড়ার হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তোফাজ্জল বগুড়া জেলার শেরপুর উপজেলার হাজীপুর গ্রামের জমসের আলীর ছেলে। হেলপার মজনু বগুড়ার ধনুট উপজেলার উল্লাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সিমেন্টবাহী ট্রাকটি ঘটনার সময় ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার