চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাশ করেন বোর্ড পরিচালকরা। বিকেলে বোর্ড মিটিং শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন দেড় গুণ বাড়িয়ে আড়াই লাখ টাকা থেকে চার লাখ টাকা করা হয়েছে। এ প্লাস ক্যাটাগরির চার ক্রিকেটার হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এ ক্যাটাগরির বেতন দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ এবং বি ক্যাটাগরির বেতন দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা করা হয়েছে। সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন এক লাখ থেকে দেড় লাখ করা হয়েছে। আর ডি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ডি ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন ৭৫ হাজার টাকা।
এ ছাড়া টেস্ট ক্রিকেটে ম্যাচ ফি ২ লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে। ওয়ানডের ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। ৫০ ওভারের ম্যাচের নতুন ম্যাচ ফি ২ লাখ টাকা। এছাড়া টি-টোয়েন্টি খেললেই টাইগাররা পাবেন ১ লাখ ২৫ হাজার টাকা। ৫০ হাজার টাকা টি-টোয়িন্টি ম্যাচ ফি বাড়ানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি