'নির্বাচনে পরাজয় জেনেই বিএনপি সমালোচনায় মেতে উঠেছে'

 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, 'আগামী সংসদ নির্বাচনে গেলে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নেতারা সরকারের সমালোচনায় মেতে উঠেছেন। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই তারা সরকারের ভাল কাজের প্রশংসাও করে না।'
 
তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার দেশের টাকায় তৈরি করছে স্বপ্নের পদ্মা সেতু। এ সরকারের আমলে রেল, সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া।'
 
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
এসময় মন্ত্রী বলেন, 'জামায়াত বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। লুটপাটের কারণে অসংখ্য রেলস্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। সরকার হটাও আন্দোলনের নামে পেট্রোল বোমার আগুনে বিএনপি-জামায়াত দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে, তারা এখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছে, আসলে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।'
 
পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আওয়ামীলীগ নেতা ভ.ম আফতাবুল ইসলাম, জি.এম মীর হোসেন মীরু, শাহজালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, জয়নাল আবেদীন খোরশেদ, জাফর ইকবাল, কাজী জাফর আহম্মদ, মাহবুব হোসেন মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন, মোশারেফ হোসেন, কাজী আবুল খায়ের, এড.আবদুল মান্নান ভূইয়া।
 
ইত্তেফাক/জামান