রংপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসে কিশোর গ্রেফতার

রংপুরে আজিজুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার রাতে জেলার কাউনিয়া থানার নাজিরদহ চক্রপানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
 
র‌্যাব-১৩ সহকারী পরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আ.ন.ম. ইমরান খান মঙ্গলবার দুপুরে জানান, গ্রেফতারকৃত আজিজুল সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে সে দায়িত্ব পালন করত। সে বিভিন্ন লোকজনকে বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস এবং রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত। সে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।

আরো পড়ুন: শীঘ্রই বিএনপির জেলা কমিটির কাউন্সিল: বুলু
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা। 

ইত্তেফাক/অনি