ভুয়া ডিগ্রি লাগিয়ে চিকিত্সা দেয়ার অপরাধে এক এমবিবিএস চিকিত্সককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আল্ মোক্তাদির হোসেন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডাক্তারের নাম আবু মো. সাকুরুল আলম (৩৬ )। তিনি সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর উপজেলা সদরের মো. শামচুল আলমের ছেলে।
জানা গেছে, গত তিন সপ্তাহ যাবত্ উপজেলার জাহানারা সেবা ক্লিনিকে ঐ চিকিত্সক এমআরসিএস ( লন্ডন) এফসিপিএস ও এমএস ডিগ্রি প্রাপ্ত চিকিত্সক হিসেবে রোগী দেখে আসছিলেন। বিষয়টি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনোয়ার হোসেনের সন্দেহ হলে গত শনিবার বিকেলে জাহানারা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঐ ডাক্তারের সনদ যাচাই বাছাই করলে উল্লেখিত ডিগ্রি গুলি জাল প্রমানিত হয় এবং ডাক্তার সাকুরুল আলম বিষয়টি নিজেই ভুয়া বলে স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম করা দণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে।