বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা থানায় এই অভিযোগ দেন। এতে একইগ্রামের আবু জাফরের ছেলে ফারুক হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রামনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ফারুক হোসেন প্রায় দুই বছর আগে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্কের সূত্রধরে দিনের পর দিন ওইছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু ফারুক নানা অজুহাত দেখিয়ে ওই ছাত্রীকে একটি চিকিত্সা কেন্দ্রে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটায়। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রাম্য মাতব্বররা সালিশি বৈঠক ডেকে উভয়ের বিয়ের সিদ্ধান্ত দেন। ওই বৈঠকে ফারুক ও তার পরিবারের লোকজন বৈঠকের রায় মেনেও নেন। কিন্তু বর্তমানে বিয়ের বিষয়টি নিয়ে কালক্ষেপন শুরু করছেন। এমনকি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় এই লিখিত অভিযোগ দিয়েছেন বলে সূত্রটি জানায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।