‘সংসার না চলায়’ কাউন্সিলরদের কলম বিরতি, ভোগান্তিতে পৌরবাসী

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবি বাস্তবায়নের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর পৌর কাউন্সিলরদের ‘পৌরসভা বয়কট ও কলম বিরতি’ চলছে।
 
দাবি আদায়ের লক্ষ্যে গত ৮ মার্চ থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনে ব্যানারে। এতে টানা দেড় মাস ধরে পৌরসভায় কলম বিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
 
রবিবার দুপুরে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নাজমুল কবির গুলজান বলেন, আমরা মাসে চার হাজার টাকা সন্মানী পাই। এই বেতনে সংসার চলে না। সম্প্রতি যারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মাসে সম্মানী ৩৫ হাজার। বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে পৌরসভা বয়কট ও কলম বিরতি পালন করছি।
 

রায়পুর পৌরসচিব আব্দুল কাদের জানান, জন্ম, মৃত্যুসনদ ও ভূমি খারিজের জন্য ওয়ারিসান সনদে কাউন্সিলরের স্বাক্ষর থাকতে হয়। তারা কলম বিরতিতে থাকায় এ সব সনদ প্রদান করা যাচ্ছে না।