গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযান চলছে

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন ওয়ার্ডে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই অভিযান চালাচ্ছে। যে কোনো ধরনের অপরাধে কেউ সম্পৃক্ত থাকলে তাকে তল্লাশি চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
 
রবিবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকাগুলোতে একসঙ্গে এ অভিযান শুরু করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান। অভিযানে প্রতিটি বাড়িতে তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে যেসব বাড়িতে মালিক থাকে না, তাদের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। 
 
জেলার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, টঙ্গীর ১৫টি ওয়ার্ডে ৬০ ভাগে বিভক্ত করা হয়েছে পুলিশ সদস্যদের। সব ধরনের অপরাধসহ সন্ত্রাসী, জঙ্গি, বিভিন্ন মামলার আসামি যারা আত্মগোপনে আছে তাদের খুঁজে বের করা হচ্ছে। 
 
এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন থানার ওসি, অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। ৫ শতাধিক পুলিশ অভিযান চালাচ্ছে। 
 
 
 
ইত্তেফাক/পাভেল