বরিশাল বানারীপাড়া উপজেলার চাখার ফজলুল হক ইন্সটিটিউশনের এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে এক শিক্ষক ও তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রবিবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময় সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আ. রহমানের ছেলে ও প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক আ. ছালাম (৩০), চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের শৈলেন্দ্রনাথ বালার ছেলে চাখার সরকারী ফজলুল হক কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র সুব্রত বালা (২২), বড় ভৈৎসর গ্রামের মৃত ইসরাইল সরদারের ছেলে ও চাখার ফজলুল হক কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরিফুর রহমান ( ২১) এবং পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মো. হাবিব মোল্লার ছেলে চাখার সরকারী ফজলুল হক কলেজের বিজ্ঞান বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী মো. আজিম মোল্লাকে (১৭) প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক করা হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস চক্রকে চিহ্নিত করতে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের জেলহাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/জামান