টঙ্গীতে সাঁড়াশি অভিযানে আটক ২০

 
গাজীপুরের টঙ্গীর ১৫টি ওয়ার্ডে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযানে ২০জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পাঁচ'শ সদস্য এ অভিযানে অংশ নেয়।
 
জানাযায়, প্রত্যেক ওয়ার্ডে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক সহ ২০জন কনস্টেবল অভিযান পরিচালনা করে। এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ সরেজমিনে এ অভিযান পর্যবেক্ষণ করে। টঙ্গীতে পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযানে ২০জন মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধীদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে অভিযানে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
রবিবার দুপুরে সাঁড়াশি অভিযানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। তিনি বলেন, রাজধানীর নিকটবর্তী এলাকা টঙ্গী একটি শিল্প এলাকা। প্রতিদিন টঙ্গী থেকে হাজার হাজার লোক রাজধানীতে প্রবেশ করে। রাজধানীর কাছের নগরী হওয়ায় অপরাধীরা টঙ্গীতে আশ্রয় নিয়ে থাকে। তাই পুলিশ সদস্যরা প্রতিটি বাড়িতে যাবে। বাড়িওয়ালাদের সহযোগিতায় ভাড়াটিয়াদের ফ্ল্যাট বা কক্ষে তল্লাশি চালানো হবে। যেসব বাড়িতে বাড়িওয়ালাদের পাওয়া যাবে না সেসব বাড়িতে পুলিশ সরাসরি প্রবেশ করবে। বাসা বাড়িগুলোতে কারা বসবাস করেন এবং তারা কি করেন বা কখন বাড়িতে আসেন ও বাহির হন এসব বিষয়ে জানতে চাওয়া হবে।
 
ইত্তেফাক/জামান