সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পবিপ্রবি'র শিক্ষার্থীরা

 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেইট সংলগ্ন সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা।
 
রাস্তার কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে পুরো সড়ক জুড়ে। এদিকে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সড়কটির অধিকাংশ স্থানে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের সড়কটি দীর্ঘদিন যাবত এমন বেহাল অবস্থায় থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
ফিসারিজ অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জানান, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সড়কটি খুব গুরুত্বপূর্ণ হলেও এটির দিকে নজর দিচ্ছে না প্রশাসন। দুমকি উপজেলায় কর্মরত এলজিইডির প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস বলেন, 'উপজেলা চেয়ারম্যান রেজুলেশন করে দিলে আমরা ব্যবস্থা নিতে পারব।' জানতে চাইলে দুমকি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিকদার বলেন, 'বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।'
 
সড়কটি শিক্ষার্থীদের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/জামান