বেরোবিতে সেই প্রক্টরকে আহ্বায়ক করেই তদন্ত কমিটি

 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টর অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে অন্য একটি ঘটনার তদন্তে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে বেরোবি প্রশাসন।
 
প্রক্টরের বিচার চেয়ে শিক্ষার্থীদের করা অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির  কাজ চলাকালীন অন্য একটি ঘটনার তদন্তে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক করায় বিষয়টি ব্যাপক সমালোচিত হচ্ছে।
 
জানা যায়, শারীরিক লাঞ্ছিতের ঘটনায় দুজন শিক্ষার্থীর করা অভিযোগ তদন্তে গত ২০ এপ্রিল প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক ও অন্য দুই সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ ও রুহুল আমিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকার থাকার বিষয়ে আপত্তি তুলেছে বিভিন্ন মহল।
 
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বেরোবি শিক্ষার্থী দিপুসহ কয়েকজন বন্ধু বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় প্রক্টর মীর তামান্না সিদ্দীকা তার সঙ্গে অসদাচরণের অভিযোগ করে দিপুকে পুলিশের কাছে তুলে দেন। আটকের খবর শুনে দিপুর বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর জন্য দায়ী করে প্রক্টরের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/জামান