বৈশাখে ঝাঁঝালো রোদ থাকার কথা। তিয়াস কাতর শ্রান্ত কাক ডালের গায়ে চঞ্চু ঘষে নিয়ে কর্কশ কা কা র’বে অমসৃণ সরগম সাধার সময়।
কিন্তু বর্ষা আর শীত শীত অনুভূতি অধিকার করে নিয়েছে নগরীকে। গতকাল কুয়াশাও দেখেছেন নাগরিকরা। রাজধানী ঢাকার আকাশে মেঘের স্তর অনেকটা নিচে নেমে এসেছে। এ কারণে ঢাকার আকাশে কুয়াশা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহিম বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঢাকায় মেঘের স্তর কিছুটা নিচে নেমে এসেছে। তাই ঢাকার আকাশে হালকা কুয়াশা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি আরও দুই-তিনদিন থাকতে পারে। এরপর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার পাশাপাশি নগরীতে হালকা ঠাণ্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু