নাশকতার ২২ মামলায় জামিন পেলেন সেলিমা রহমান

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নাশকতার ২২ মামলায় ঢাকার সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন।
 
সোমবার দুপুরে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। এর আগে সকালে এ আদালতে সেলিমা রহমান তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
 
আইনজীবী সানাউল্লাহ মিয়া  জানান, এ পর্যন্ত ২২টি মামলায় ঢাকার সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন সেলিমা রহমান। আরো একটি মামলার জামিন আবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে করা হয়েছিল। কিন্তু নথি না পাওয়ায় তার শুনানি হয়নি।
 
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এ সব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করা হয়। 
 
গত বছরের জানুয়ারি মাসে এসব মামলায় মুখ্য মহানগর আদালতে সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
 
ইত্তেফাক/ইউবি