সাভারে রানা প্লাজা ভবন ধসের চার বছর পূর্তিতে বিভিন্ন সংগঠন নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
আজ সোমবার সকালে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে রাজধানীর জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের স্মরণ করে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ও সচেতনতা জোরদারে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। টাম্পাকো ফয়েল ফ্যাক্টরির অগ্নিকাণ্ড, বিভিন্ন কারখানায় বয়লার বিস্ফোরণ এবং অন্যান্য আরও দুর্ঘটনায় শ্রমিক নিহত হচ্ছেন। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন ব্যবস্থা জোরদার এবং শ্রম আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।