মঠবাড়িয়ায় শ্বশুর বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. নাজমুল হক খান (৫০) নামে এক ব্যবসায়ীকে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
সোমবার সকাল ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুঁঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।   মো. নাজমুল হক খান উপজেলার সাপলেজা গ্রামের মান্নান খান ওরফে আয়নাল খলিফার ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে,  ২০০৮ সালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া ইউনিয়নের ঠুঠাখালী গ্রামের মো. কাঞ্চন সরদারের বড় ছেলে মো. শাহীন সরদারকে  দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের জন্য শাহীনের পরিবারের লোকজন নাজমুল হক খানকে দায়ী করেন। এ ঘটনায় শাহীনের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে নাজমুল হক খান ও তার এক ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার সকালে বিরোধ মেটানোর কথা বলে নাজমুল ও স্ত্রী হোসনে আরাকে  ডেকে আনা হয়। সকাল ১১টার দিকে নাজমুলের সঙ্গে শ্বশুর পক্ষের লোকজনের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে রাগ করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে শ্বশুর বাড়ির লোকজন নাজমুলকে কুপিয়ে গুরুতর জখম করে।  পরে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নাজমুলকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি