রাজশাহীতে ব্যাংকের প্রহরী হত্যায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহীর পবা উপজেলার খোলাবোনায় ব্র্যাক ব্যাংকের প্রহরী আব্দুল্লাহ আল মামুন হত্যায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 
 
সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার এই রায় ঘোষণা করেন। 
 
সাজাপ্রাপ্তরা হলেন, পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের আব্দুল রহিমের ছেলে আজাদ, আব্দুল বারির ছেলে কাবিল হোসেন ও নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন। 
 
আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে আজাদ ও কাবিলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি সাজ্জাদ হোসেনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের সাজা দেন বিচারক। 
 
এ মামলার অপর পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন। এরা হলেন, সাজাপ্রাপ্ত সাজ্জাদের সহোদর শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তাদের বাবা নজরুল ইসলাম, সাজাপ্রাপ্ত আজাদের বাবা আব্দুর রহিম ও সাজাপ্রাপ্ত কাবিলের সহোদর আতাউল হক।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ অক্টোবর ঈদ-উল-আজহার দিন পবার খোলাবোনা গ্রামে মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়াজেদ আলী বাদী হয়ে পরদিন ১৭ অক্টোবর পবা থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  
 
ইত্তেফাক/ইউবি