বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, আমি অভিভূত হয়েছি বাংলাদেশের মানুষের আয় উন্নতি দেখে। বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ও তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে।
মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী পূর্বপাড়া গ্রামে হতদরিদ্র পরিবারগুলোর বর্তমান অর্থনৈতিক অবস্থা ঘুরে ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। তিন দিনের জন্য রংপুর, দিনাজপুর ও নীলফামারী সদরে সফরে আসেন তিনি।
গ্রামীণ চিত্র তুলে ধরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যে মানুষটি এক সময় একবেলা খেতে পারতো না, তারা আজ উন্নত জীবন যাপন করছে। ছেলে মেয়েকে লেখাপড়া শিখে সুখী জীবন গড়ে তুলছে। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে হাস, মুরগী, গাভী, মাছ চাষ, সবজী চাষ ও নানা কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়েছে।
রবার্ট ডিকসন বলেন, আমরা চাই ব্রিটিশ কোম্পানিগুলো আরো বাংলাদেশে বিনিয়োগ করে সহায়তার হাত বাড়িয়ে দিক। আইনশৃংঙ্খলা অনেক ভাল। বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাক এ কামনাই করি।
তিনি আরো বলেন, এখানে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। ব্যবসায়িক পরিবেশও ভাল। এ ছাড়াও যোগাযোগ ব্যবস্থা উন্নত। বাংলাদেশের মানুষের ব্যবসায়িক সক্ষমতা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ