যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে এক কেজি ৩০০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ মহাসিন (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল ১১টার দিকে পুটখালী বটতলা বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। স্বর্ণ পাচারকারী মহাসিন শার্শা উপজেলার গোগা কালিনি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পুটখালী সীমান্ত দিয়ে এক যুবক বাইসাইকেল করে স্বর্ণ পাচার করবে। এ সময়ে ঐ যুবক পুটখালী বটতলা বিজিবি পোস্ট এলাকায় আসলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো আটটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৩০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে এবং মহাসিনের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/মণ্ডল