কেনিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। নাইরোবি ও কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মোমবাসার মাঝামাঝি একটি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘এটি ছিল খুবই ভয়াবহ একটি দুর্ঘটনা। এতে ২৬ জন নিহত হয়েছে।’
পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, মোমবাসার দিকে যাওয়া বাসটি বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করার সময় একটি তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটিতে প্রতি বছর প্রায় তিন হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ সংখ্যা প্রায় ১২ হাজার। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নাইরোবির প্রায় ১শ’ কিলোমিটার উত্তরপশ্চিমে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এএফপি।
ইত্তেফাক/সেতু