মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে এগারটার দিকে জেলা রিটার্নিং অফিসার এ নির্দেশনা দেন।
 
স্থগিত হওয়া কেন্দ্র দুটি হচ্ছে- ৭নং ওয়ার্ডের সরকারী উচ্চ বালক বিদ্যালয় ১ ও ২নং কেন্দ্র। বাকি ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নিরাপত্তার কথা বলে ভোট গ্রহণ বন্ধ করেন ওই দুটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও একেএম শাহিন কবির।
 
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ওই কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা আনন্দ মুখর পরিবেশে ভোট প্রদান করছিলেন। প্রায় তিন ঘণ্টা পর নিরাপত্তার কথা বলে ভোট গ্রহণ বন্ধ করে দেন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে দুপুর পৌনে বারটার দিকে ব্যালট বাক্স, ব্যালট ও ভোটের সরঞ্জাম গুছিয়ে জেলা নির্বাচন অফিসে নেওয়া হয়। কেন্দ্র থেকে ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সেখান থেকে প্রত্যাহার করা হয়।
 
মেহেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, গতরাতে কতিপয় ব্যক্তিরা ব্যালট ছিনতাই করে সিল প্রদান করে। সকাল দশটার দিকে দুটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারবৃন্দ এমন লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। রাতে ব্যালট ছিনতাই হলে সকাল দশটায় কেন অভিযোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এ সময় লেগেছে।
 
ইত্তেফাক/সাব্বির