আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক আসবে বলে দলটির নেতারা সম্প্রতি ঘোষণা দিয়েছেন। তবে বিগত দিনের মতো আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করতে গেলে জনগণ আর সহ্য করবে না।
মঙ্গলবার তেজগাঁওস্থ সেটেলমেন্ট প্রেস প্রাঙ্গণে সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি নেতারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে এবং নির্বাচনে মহাজোট ক্ষমতায় আসবে। পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতারা এখন থেকেই অসাংবিধানিক ভাষায় নানা কথা বলছেন। তবে এসব করে লাভ হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করছে। উন্নয়নের প্রতি আস্থা রেখে জনগণ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
আয়োজক সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি প্রমুখ বক্তব্য রাখেন।