রাজশাহী মহানগরীতে জঙ্গি আস্তানার খোঁজে পুলিশের ব্লক রেইডের প্রথম পর্যায় শেষ হয়েছে মঙ্গলবার দুপুর ২টায়। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছিল। অভিযানে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় হঠাৎ করেই ব্লক রেইড শুরুর পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে রাজশাহীর মহানগরীর দুই নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পূর্বপাড়া, আলীগঞ্জ, রাণীদীঘি এলাকায়। স্থানীয় অধিবাসীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, কাউকে ওইসব এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না, আবার কাউকে বেরও হতে দিচ্ছে না পুলিশ। এ নিয়ে গোটা এলাকায় এক ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যারা বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছেন।
আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, 'নগরীর ওই এলাকায় ব্লক রেইড চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। এর আগে সোমবার দিবাগত রাত ১১টার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এরপর সকাল থেকেই ঘিরে ফেলা হয় এলাকাটি।'
ইত্তেফাক/জামান