গাজীপুরে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার হোতাপাড়া এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস সোমবার রাত সাড়ে ৭টার দিকে হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর গেইটের কাছে ওই যুবককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পিছু নিলে গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। রাত ৮টার দিকে বাসটি আটক করা হয়। পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের পরনে চেক লুঙ্গি ও লাল-হলুদ চেক গেঞ্জি রয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।