কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ হওয়া ৪ বছরের শিশুকে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সপ্তাহ পর ফিরে পেয়েছে স্বজনেরা।
জানা যায়, মঙ্গলবার সকাল হতে অপহৃত ছেলের পিতা ইয়াছিন, মা আজমিরা প্রকাশ কইতরীসহ স্বজনেরা টাকা নিয়ে হ্নীলা স্টেশনে অবস্থান নেয়। একমাত্র ছেলের প্রাণ রক্ষার্থে বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। সাড়ে ১১টায় উপজেলার হ্নীলা বাস স্টেশন হতে অপহরণকারী চক্রের এক সদস্য নগদ ৫ লাখ টাকা মুক্তিপণ নিয়ে বিকালে একটি মুঠোফোন থেকে কল করে জানায় তোমার ছেলে সিএনজিতে করে আসছে বুঝে নিয়ো। পরে ফোন বন্ধ করে দেন।
বিকাল সাড়ে ৩টায় বহনকারী সিএনজিতে হ্নীলা স্টেশনে পৌঁছলে অপহৃত শিশু মো. কাউছার উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন জড়ো হয়ে সিএনজিসহ চালক রামু আজিজুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুস সোবহানের পুত্র জয়নাল আবেদীনকে আটক করে পুলিশে খবর দেয়। ফিরে আসা শিশু কাউছার জানান, জনৈক লালু আব্বুর বন্ধু এবং পার্শ্ববর্তী রফিক তাকে নিয়ে যায়।
খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত ঘটনার রহস্য বের করার জন্য চালক, বহনকারী সিএনজি ও ভিকটিমকে ক্যাম্পে নিয়ে যায়। তিনি আরো জানান, এই ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: ফেনী নদীতে তারের বেড়ায় বারুণী স্নান
উল্লেখ্য, গত ২৭মার্চ দুপুর আড়াইটার দিকে প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় কাউছার। কাউছারের পিতার কাছে রোহিঙ্গাদের জন্য বিদেশী হতে আনা টাকা থাকায় অপহরণকারী চক্র ছেলেকে অপহরণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
ইত্তেফাক/অনি