মাশরাফি টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার পরে তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে ‘ফিরে এসো ম্যাশ’ শিরোনামে গান লিখেছিলেন চট্টগ্রামের মিসসরাইয়ের ছেলে মহিবুল আরিফ। তার কণ্ঠে গাওয়া গানটি ৮ এপ্রিল সর্বপ্রথম দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়, আর তারপরেই ভিডিওটি হয়ে যায় ভাইরাল।
এবার সেই গানের সুবাদে নিজের সবচেয়ে বড় উপহারটি পেলেন আরিফ, খোদ মাশরাফির বাসায় তার সঙ্গে দেখা করে এসেছেন আরিফ।
গত শনিবার (২২ এপ্রিল) মাশরাফির মিরপুরের বাসায় দেখা করেন আরিফ। ভক্ত আরিফ তার জীবনের সেরা পাওয়াটা পেয়ে যান। স্বপ্নের নায়ক নিজে এসে তাকে জড়িয়ে ধরেন। আরিফের ভাষায় সেই মুহূর্তটা ছিল অসাধারণ। তিনি বলেন, আমি যখন গানটা করি তখন ভাবতেও পারিনি মাশরাফির সাথে দেখা করতে পারবো। কিন্তু আমার সেই আশা পূরণ হয়েছে। আমার কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। মাশরাফির সাথে দেখা করার পর গানটা গেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
মাশরাফির বাসায় গিটার হাতে গিয়েছিলেন আরিফ এবং সেখানে তাকে গানটি গেয়ে শুনিয়েছেন। শুধু তাই নয় সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের প্রিয় পোশাক লুঙ্গি ও বাংলাদেশের পতাকার রং অর্থাৎ লাল-সবুজ একটি গামছা উপহার দিয়েছেন।
আরিফ বলেন, উপহার পেয়ে মাশরাফি অনেক খুশি হয়েছেন। তিনি আমাকে বলেন, লুঙ্গিটা এখনই পড়ে ফেলতাম কিন্তু মাড় দেয়ায় কাপড়টা কড়কড়ে হয়ে আছে। আয়ারল্যান্ড সফরে অবশ্যই এই লুঙ্গি পরবেন বলে জানান আরিফকে।
IMG0
আরিফ চট্টগ্রামের মিরসরাইয়ে মাশরাফির অবসরের পরে বিভিন্ন স্থানে মানবন্ধন করেছেন। তিনি বলেন, মাশরাফির অবসরের খবরটি শোনার পর থেকেই মনটা কেমন জানি করছিল। ৬ এপ্রিল এই খবর জানার পরেই রাতারাতি গান লিখে সুর ও কম্পোজ করলাম। বন্ধু সরোয়ার উল আলমের কিবোর্ড ও তার গিটারে ‘ফিরে এসো মাশরাফি’ গানটির ভিডিও দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে গানটির স্টুডিও রেকর্ড ইউটিউবে আপলোড করেন তিনি।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে স্নাতকোত্তর করা আরিফ ও তার বন্ধুদের নিয়ে ‘নিউরন’ নামে একটি ব্যান্ডদল রয়েছে ।
ইত্তেফাক/সাব্বির