শীতলক্ষ্যায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষনিক ৪ থেকে ৫জন নিখোঁজ থাকলেও তারা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই সেলিম মিয়া জানান, ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা হাজীগঞ্জ ঘাট থেকে নবীগঞ্জ ঘাটে যাওয়ার সময়ে ডুবে যায়। তাৎক্ষনিক ৪ থেকে ৫ জন নিখোঁজ রয়েছে জানতে পারলেও পরে তারা উঠতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই ও বৈরি আবহওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এটা মূলত খেয়া পারাপারের নৌকা। যদিও অনেক খেয়া নৌকাতে ইঞ্জিন থাকে। নৌকাটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিখোঁজের কোন খবর আমাদের কাছে নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানান, নৌকা ডুবির ঘটনায় কোন নিখোঁজ নেই। রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার বিগ্রেডের ডুবুরীদল উদ্দার কাজ চালাচ্ছে।
ইত্তেফাক/নূহু