বিভিন্ন স্থানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যে মঙ্গলবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। ইত্তেফাক ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল :দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বুদ্ধি প্রতিবন্ধী অটিজম শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বরিশাল জেলা প্রশাসন,  সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

রংপুর :সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর রংপুরের আয়োজনে, কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং সাইটসেভার্সসহ বিভিন্ন বেসকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জেলা প্রশাসক এনামুল হাবীব বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএমএ হুরাইরা।

ভোলা: জেলা প্রশাসকের মিলনায়তনে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী গোলাম কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

গোপালগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমীর মল্লিক সভায় সভাপতিত্ব করেন।

গাইবান্ধা: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, অধ্যক্ষ মাজহার উল মান্নান প্রমুখ।

সুনামগঞ্জ: শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

জয়পুরহাট: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম শাহ্।

বাগেরহাট: নিরাপদ আবাসন কেন্দ্রের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাক্তার মোজাম্মেল হোসেন।

মানিকগঞ্জ: জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

কিশোরগঞ্জ: সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

মৌলভীবাজার:জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. ফিরাদুল হক পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সাংসদ নেছার আহমদ।

এছাড়া নাটোর, মাদারীপুর, নওগাঁর রাণীনগর ও নিয়ামতপুর, কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী, বগুড়ার সোনাতলা এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়ও দিবসটি পালিত হয়েছে।