‘মেলায় যাই রে’ খ্যাত মাকসুদ নিজের ব্যান্ড নিয়ে উত্তর আমেরিকা মাতাতে কানাডায় যাচ্ছেন। অটোয়া, মন্ট্রিয়াল ও টরন্টোতে যথাক্রমে আগামী ৫ মে, ৬ মে এবং ২১ মে গান গাইবেন তিনি। তার আগে বৈশাখী ট্যুর অফ নর্থ আমেরিকা, তথা ২২ এপ্রিল প্রথম অনুষ্ঠান হবে নিউজার্সিতে।
এ ব্যাপারে মাসুদ ইত্তেফাককে বলেন, ‘এর আগেও কানাডায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। গতবছর সুযোগ হলেও যেতে পারিনি। তাই এবার যাচ্ছি। কানাডায় এটা আমাদের প্রথম পারফর্মেন্স। তিন শহরেই আমরা গাইবো। সেইসাথে বন্ধু-বান্ধব ছাড়াও টরন্টোতে বোনের সাথে দেখার বিষয়টিও আনন্দের। দেশের পাশাপাশি দেশের বাইরে শো করতেও ভালো লাগে। কারণ দেশের বাইরে প্রবাসীরা দেশের গানের মাধ্যমে অনেকটা দেশকে কাছে পায়। তাদের ভালোবাসায় সিক্ত হতে ভালো লাগে।’
এ সফরে মাকসুদের সাথে থাকছেন ফজলুল হক সোম (ড্রামস), আসিফ আবদুল্লাহ (বাস), একরামুল হক (গিটার) ও গোলাম রাবেবি সোহাগ (কীবোর্ড)।
ইত্তেফাক/আনিসুর